বার্তা সংস্থা আবনা : ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠী যখন পরমাণু বিষয়ে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনি ইহুদিবাদী ইসরাইল বিমান মহড়া চালিয়েছে বলে খবর বেরিয়েছে। ইরানের প্রেস টিভি লিখেছে, এটি হচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরাইলের সর্বশেষ উস্কানি।
বর্ণবাদী ইসরাইলের সেনাবাহিনী ঘোষণা করেছে, ইসরাইলি জঙ্গি বিমানগুলো অনেক দূরের পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কতটুকু পারদর্শী,তা যাচাই করা হয়েছে সর্বশেষ মহড়ার মাধ্যমে। আকাশে উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরার মহড়াও চালিয়েছে দখলদারেরা। ইহুদিবাদীরা এসব মহড়ার ফুটেজ অনলাইনে দিয়েছে।
বলা হচ্ছে, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সংলাপকে সামনে রেখে ইরানকে শাসাতেই এ মহড়ার আয়োজন করেছিল ইসরাইল। আগামী ১৫ ও ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান পরমাণু বিষয়ে আলোচনা করবে। রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা ও জার্মানিকে নিয়ে ছয় জাতিগোষ্ঠী গঠিত। এটি ৫+১ গ্রুপ নামেও পরিচিত।
সম্প্রতি দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে ইরানে হামলার হুমকি দিয়ে বলেছেন, প্রয়োজনে তারা একাই হামলা চালাবে। ইরান অতীতের মতো এবারও এ ধরনের হুমকিকে হাস্যকর হিসেবে উড়িয়ে দিয়েছে।